নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত ও অপহৃত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল জাজিরা’র।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির নাইজার রাজ্যের বোরগু এলাকার তুঙ্গা-মাকেরি, কোনকোসো ও পিটসা— এ তিনটি গ্রামে ধারাবাহিকভাবে হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারীরা গ্রামগুলোতে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
প্রথমে তুঙ্গা-মাকেরি গ্রামে হামলায় ছয়জন নিহত হন এবং কয়েকজনকে অপহরণ করা হয়। পরে বন্দুকধারীরা কোনকোসো গ্রামে প্রবেশ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। যেখানে অন্তত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে মানবিক সহায়তা সংস্থার কিছু সূত্রের দাবি, নিহতের সংখ্যা ৩৮ পর্যন্ত হতে পারে।
কোনকোসো গ্রামবাসীরা জানান, ভোরের দিকে হামলাকারীরা গ্রামে ঢুকে পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং সাধারণ মানুষের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় কয়েকজনকে গুলি করে হত্যা করা ছাড়াও নৃশংসভাবে হত্যার ঘটনাও ঘটেছে। পিটসা গ্রামেও একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে এ অঞ্চলে আইএসআইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী ও মুক্তিপণ আদায়কারী ডাকাত চক্রের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। বোরগু এলাকার ধর্মীয় ও সামাজিক নেতারা দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবুর কাছে সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের দাবি জানিয়েছেন।
নাইজেরিয়ার চলমান নিরাপত্তা সংকট আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন।
এমবি

