গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলার দেবে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘বোর্ড অব পিস’-এর সদস্য দেশগুলো আগামী বৃহস্পতিবারের বৈঠকে গাজায় পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি (৫ বিলিয়ন) ডলারের বেশি অঙ্গীকার ঘোষণা করবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ স্যোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্স’র।
পোস্টে ট্রাম্প বলেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি ওই ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা বাহিনী এবং স্থানীয় পুলিশের জন্য হাজার হাজার কর্মী মোতায়েন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গাজা উপত্যকায় মানবিক সহায়তা এবং পুনর্গঠন প্রচেষ্টার জন্য ‘বোর্ড অব পিস’-এর সদস্যরা এখন পর্যন্ত ৫ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে।’
আন্তর্জাতিক স্থিতিশীল রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, এজন্য হামাসকে অবশ্যই আগে স্বাক্ষরিত চুক্তি রক্ষা এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে।
বোর্ড অব পিস প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিস’ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের।
গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখার লক্ষ্যে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ‘বোর্ড অব পিস’ গঠন করা হয়েছে। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের ফাঁকে এ বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির শক্তিশালী নির্বাহী কমিটি রয়েছে। যার সদস্যদের মধ্যে রয়েছেন- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও অন্যান্য অনেক দেশের রাষ্ট্রপ্রধান।
এছাড়া এ বোর্ডে আর্জেন্টিনা, মিসর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এমবি

