Logo

আন্তর্জাতিক

বিশ্বের কোথায় কবে রমজান মাস শুরু হতে পারে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬

বিশ্বের কোথায় কবে রমজান মাস শুরু হতে পারে

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে বুধ অথবা বৃহস্পতিবার। ফাইল ছবি: এএফপি

সৌদি আরবের মক্কায় পবিত্র রমজান মাস শুরু হতে পারে বুধ অথবা বৃহস্পতিবার। চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত দিন নির্ধারণ হবে। তবে কিছু দেশ চাঁদ দেখার নিজস্ব পদ্ধতি অনুসরণ করে। তারা জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর নির্ভরশীল।

যুক্তরাজ্যের নটিক্যাল অ্যালমানাক দপ্তরের ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’-এর তথ্য অনুযায়ী, মক্কার স্থানীয় সময় মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। এর আগে বিকেল ৩টা ১ মিনিটে নতুন চাঁদ ওঠার কথা। তবে এটি দৃশ্যমান থাকবে মাত্র তিন মিনিট। ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে। এ কারণে সৌদি আরবে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার থেকে।

এর আগের দিন বুধবার সন্ধ্যায় বিশ্বের অধিকাংশ অঞ্চলে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার কথা। তখন চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা। এটি আকাশে আরও উঁচুতে থাকবে এবং সূর্যাস্তের পর দীর্ঘ সময় দৃশ্যমান থাকতে পারে। ফলে সাধারণ মানুষের জন্য চাঁদ পর্যবেক্ষণ সহজ হবে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ সৌদি আরবকে অনুসরণ করে। সৌদি সুপ্রিম কোর্ট যদি মঙ্গলবার রাতে চাঁদ দেখার প্রমাণ পায়, তাহলে বুধবারকে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা করতে পারে। তবে সময়সীমা কম থাকায় সেদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে এশিয়ার দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। কারণ মঙ্গলবার এই অঞ্চলে চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। সিঙ্গাপুর ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার রমজান শুরুর কথা নিশ্চিত করেছে। ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রথম রমজান পালনের পূর্বাভাস দিয়েছে।

ইউরোপীয় কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ (ইসিএফআর) ঘোষণা দিয়েছে, বৃহস্পতিবার হবে রমজানের প্রথম দিন। তারা উল্লেখ করেছে, জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী মঙ্গলবার চাঁদ উঠলেও খালি চোখে বা পর্যবেক্ষণ যন্ত্রের মাধ্যমে তা দেখা প্রায় অসম্ভব। একই কারণে তুরস্ক বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের প্রথম দিন পালনের ঘোষণা দিয়েছে।

উত্তর আমেরিকার ফিকহ কাউন্সিল (এফসিএনএ) এবং ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসরণ করে বুধবার রমজান শুরুর ঘোষণা দিয়েছে। আফ্রিকার অধিকাংশ দেশ বৃহস্পতিবার রমজান শুরুর প্রস্তুতি নিচ্ছে। একই দিনে রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার (ওশেনিয়া) জাতীয় ইমাম কাউন্সিল।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর