Logo

আন্তর্জাতিক

রমজানের আগে পশ্চিম তীরে ১৫ ফিলিস্তিনি পরিবার উৎখাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮

রমজানের আগে পশ্চিম তীরে ১৫ ফিলিস্তিনি পরিবার উৎখাত

ছবি: সংগৃহীত

আসন্ন রমজানের আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে বাড়িঘর ভেঙে ১৫টি ফিলিস্তিনি পরিবারকে উৎখাত করা হয়েছে। আল-মালিহ গ্রাম পরিষদের প্রধান মহদি দারাঘমেহ স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফাকে এ তথ্য জানান।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি মাইতা কমিউনিটির আরও সাতটি পরিবার কয়েক দিন আগে একই ধরনের হুমকি ও হামলার কারণে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়।

এদিকে নবি সামউইল গ্রামে কয়েকজন পুরুষের ওপর হামলা চালানো হয়। এতে একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান ও ধ্বংসযজ্ঞ জোরদার করে ইসরায়েলি বাহিনী। এদিন নাবলুস, আল খাদের ও সালফিত এলাকায় অভিযান চালানো হয়।

ইসরায়েলি সরকার অধিকৃত এলাকায় নিয়ন্ত্রণ দৃঢ় করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি জমি বিক্রি সহজ করা এবং কিছু জমি ‘রাষ্ট্রীয় জমি’ হিসেবে নিবন্ধনের অনুমোদন দেওয়া।

চলতি সপ্তাহে সরকার আরও একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় পশ্চিম তীরের বড় অংশ রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে চিহ্নিত হবে। এতে ফিলিস্তিনিদের জমির মালিকানা প্রমাণের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত অবৈধ বসতি সম্প্রসারণ, জমি জব্দ, নিয়ন্ত্রণ জোরদার এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ সার্বভৌমত্ব প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের বৈধ অধিকার ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নেওয়া উসকানিমূলক পদক্ষেপ।

সরকারি ফিলিস্তিনি তথ্য অনুযায়ী, শুধু পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অন্তত ১,১১৪ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১১,৫০০ জন আহত এবং প্রায় ২২,০০০ জন গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর