Logo

আন্তর্জাতিক

ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদের হত্যা করছে: ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ব্যাপক ক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১

ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদের হত্যা করছে: ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে ব্যাপক ক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর চলমান প্রাণঘাতী সহিংসতার দায় সম্পূর্ণ অস্বীকার করেছেন ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। উল্টো তিনি দাবি করেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদের হত্যা করছে এবং এর জন্য ইসরায়েল সরকার কোনোভাবেই দায়ী নয়। গত মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক বিতর্ক চলাকালে তার এই অমানবিক মন্তব্য চরম ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে।

পার্লামেন্টে মূলত স্মোট্রিচের প্রস্তাবিত একটি কর নীতি নিয়ে বিতর্ক চলছিল। খালি জমির ওপর ১ দশমিক ৫ শতাংশ সম্পত্তি কর আরোপের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ইমান খাতিব-ইয়াসিনসহ কয়েকজন ফিলিস্তিনি আইনপ্রণেতা। তারা তুলে ধরেন, ফিলিস্তিনিরা জমির মালিক হলেও তাদের সেখানে কোনো ধরনের উন্নয়নের অনুমতি দেওয়া হয় না। ফলে এই কর তাদের ওপর অন্যায়ভাবে চাপানো হচ্ছে।

একই সঙ্গে আইনপ্রণেতারা অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত যে ভয়াবহ সহিংসতা বাড়ছে, ইসরায়েল সরকার তা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ। এর জবাবে স্মোট্রিচ উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "আপনারা নিজেরাই একে অপরকে হত্যা করেন, কীভাবে এর দায় সরকারের হতে পারে?" তিনি আরও বলেন, সহিংসতা বন্ধ করতে ফিলিস্তিনিদের নিজেদেরই শিক্ষিত হতে হবে, সন্ত্রাসবাদের নিন্দা জানাতে হবে এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। তার এই মন্তব্যকে ঘৃণ্য ও বর্ণবাদী আখ্যা দিয়ে ইতিমধ্যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

মাঠপর্যায়ের চিত্র অবশ্য অত্যন্ত ভয়াবহ। মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভস এর তথ্যমতে, চলতি বছরে ইতিমধ্যেই ইসরায়েলে ৫১ জন ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৫২ জন, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবং গত দশকের তুলনায় প্রায় চার গুণ বেশি।

ফিলিস্তিনি অধ্যুষিত শহর ও গ্রামগুলোতে প্রায় প্রতিদিনই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। নিজেদের জীবনের নিরাপত্তা এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। সাখনিন ও তামরায় শুরু হওয়া এই বিক্ষোভ গত সপ্তাহে তেল আবিবে এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে ফিলিস্তিনি নাগরিকদের অন্যতম বৃহৎ প্রতিবাদ। সাধারণ ফিলিস্তিনিদের দৃঢ় অভিযোগ, ইসরায়েল সরকার শুধু এই সংকট মোকাবিলায় ব্যর্থই হয়নি, বরং এমন এক পরিস্থিতি তৈরি করে রেখেছে যা এই সহিংসতাকে প্রতিনিয়ত উসকে দিচ্ছে।

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফিলিস্তিন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর