Logo

আন্তর্জাতিক

আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, ২ দেশের অন্তত ১৭৩ সেনার প্রাণহানি

‘অপারেশন গজব-লিল হক’ শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮

আফগান-পাক সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, ২ দেশের অন্তত ১৭৩ সেনার প্রাণহানি

ফাইল ছবি

গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তানের পাল্টা আক্রমণ এবং পরবর্তীতে পাকিস্তানের বড় ধরনের সামরিক অভিযানে রণক্ষেত্রে পরিণত হয়েছে সীমান্ত এলাকা। দুই দেশের সীমান্ত বাহিনী ও বিমান বাহিনীর এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত দুই পক্ষের অন্তত ১৭৩ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছেন, গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার বদলা নিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। এই হামলায় পাকিস্তানের অন্তত ৪০টি সীমান্ত সেনা চৌকি দখল করে নিয়েছে তারা। জাবিহুল্লাহ মুজাহিদের দাবি অনুযায়ী, এই অভিযানে অসংখ্য পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং বেশ কিছু সেনাকে জীবিত অবস্থায় বন্দি করে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

সীমান্তে হামলা ও সেনা অপহরণের জবাবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও স্থলবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুই শতাধিক আফগান সেনা। পাকিস্তানের এই হামলায় আফগানিস্তানের সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস হয়েছে এবং রাজধানী কাবুল, পাকতিয়া ও কান্দাহারের বেশ কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তোলো নিউজে প্রকাশিত এক প্রতিবেদন ও উভয় দেশের দাবি বিশ্লেষণ করে দেখা গেছে, এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দেওয়া তথ্য এবং ৪০টি সীমান্ত চৌকি দখলের ঘটনার প্রেক্ষিতে আফগান বাহিনীর হামলায় অন্তত ৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি অনুযায়ী, তাদের পাল্টা অভিযান ‘অপারেশন গজব লিল হক’-এ অন্তত ১৩৩ জন আফগান সেনা প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে এই দুই দেশের সীমান্ত সংঘাত ও পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত উভয় পক্ষের মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩ জনে।

তোলো নিউজের প্রতিবেদনে জানা গেছে, সীমান্তে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আফগানিস্তানও তাদের অবস্থানে অনড় রয়েছে। 

আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই প্রতিবেশী দেশের এই সরাসরি সংঘাত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আফগানিস্তান পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর