Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৪

পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের

তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহউল্লাহ মুজাহিদ/ ছবি: ভকতর নিউজ এজেন্সি

পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে আফগান বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন সেনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

জাবিহউল্লাহ মুজাহিদ জানান, ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমানবাহিনী যে বিমান অভিযান চালিয়েছিল, তার বদলা হিসেবেই এ হামলা করা হয়েছে। পাকিস্তান বাহিনীর ওই অভিযানে নানগারহার ও পাকতিয়ায় ৮০ জনের বেশি মানুষ নিহত হন বলে তিনি দাবি করেন।

হামলার পর রাত ১২টার দিকে আফগানিস্তান সেনাবাহিনী ফিরে যায়। এর কয়েক ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)।

‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। এ ছাড়া আহত হয়েছেন ৪০০ জনের বেশি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্ট দখলে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান তালেবানের ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (আরমর্ড পার্সোনেল ক্যারিয়ার) ও আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে।

সূত্র: ডন

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর