মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা
দুবাইতে মার্কিন দূতাবাসে হামলা, তেহরান-বৈরুতে ইসরায়েলের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:৪২
ছবি : আলজাজিরা
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের বৈরুতে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দুবাইয়ের আল-সিফ রোডে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দুবাই মিডিয়া অফিস ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, ড্রোনটি দূতাবাসের পার্কিং এলাকায় আঘাত হানে। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই হামলাকে অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়ার এক বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তৃতীয় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। তেহরানের আকাশে রাতভর প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৯৭ জনে।
একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর প্রধান ঘাঁটিগুলোতেও হামলা জোরদার করেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর গণমাধ্যম ‘আল-মানার’-এর কার্যালয়সহ একাধিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানকে আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি হেলায় হারিয়েছে।’ তিনি দাবি করেন, মিত্রশক্তির হামলায় ইরানের নৌবাহিনীর সদরদপ্তর এবং বেশ কিছু যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। ট্রাম্পের মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথ সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংঘাতপূর্ণ হয়ে ওঠায় দুবাই, কাতার ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন। ভারতসহ বেশ কিছু দেশ বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এমএইচএস

