তেলের দাম ঊর্ধ্বমুখী, হরমুজ উত্তেজনায় ব্রিটেনের জরুরি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৪২
কিয়ার স্টারমার
ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার পথে থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়েছে, যার প্রভাবে তেলের দাম ঊর্ধ্বমুখী।
এই প্রেক্ষাপটে ব্রিটিশ অর্থনীতির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আজ সোমবার জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশটির সরকার জানিয়েছে, বৈঠকে অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি উপস্থিত থাকবেন।
ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্প যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেওয়ার অজুহাতে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে তারা পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় পাল্টা আঘাত হানবে। এতে বৈশ্বিক আর্থিক বাজার নতুন করে অস্থির সপ্তাহের মুখে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাজ্য। আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতা, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি এবং সরকারি কোষাগারের চাপের কারণে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশটির সরকারি বন্ডের দর দ্রুত কমে যাচ্ছে।
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ‘কোবরা’ বৈঠকে যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য অর্থনৈতিক চাপ, জ্বালানি নিরাপত্তা, শিল্প উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ও জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও অংশ নেবেন। অর্থমন্ত্রী র্যাচেল রিভস জানিয়েছেন, যুদ্ধের প্রভাব কতটা গভীর হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যদিও সাধারণ মানুষের জন্য বড় ধরনের ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে, আপাতত তা নাকচ করেছেন তিনি। তবে নির্দিষ্ট খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

