মন্টিনিগ্রোতে ১০ জনকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর আত্মহনন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৪:২১
ছবি : সংগৃহীত
দক্ষিণ ইউরোপের মন্টিনিগ্রোতে একজন বন্দুকধারীর গুলি বর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। হত্যাযজ্ঞ চালানোর পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছেন। বুধবার (১ জানুয়ারি) দক্ষিণ মন্টিনিগ্রোর সিটিনজি শহরের কাছের এক গ্রামে গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই হত্যাকাণ্ড ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ১০ জনের মধ্যে ১৩ বছর বয়সি দু’টি শিশু রয়েছে। চারজন এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছে। যাদেরকে রাজধানী পোডগোরিকাতে পাঠানো হয়েছে।
দেশটির পুলিশ প্রধান লাজার সিপানোভিক জানিয়েছেন, খুনি ঘটনার আগে দিনভর মদ খেয়েছিলেন। হোটেলে তিনি প্রথমে একজনের সাথে বিবাদে জড়ান। তারপর বাড়ি ফিরে গিয়ে অস্ত্র নিয়ে ফিরে এসে ঐ হোটেলের চারজনকে গুলি করে হত্যা করেন। এছাড়াও তিনি আরও তিনটি স্থানে হত্যাযজ্ঞ চালান।
সিপানোভিক আরও বলেন, এরপর ৪৫ বছর বয়সী অস্ত্রধারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
মন্টিনিগ্রোর স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ বলেন, অস্ত্রধারী তার নিজ পরিবারের সদস্যদেরও হত্যা করেছে।
দেশটির প্রেসিডেন্ট জ্যাকব মিলাটোভিক বলেছেন, এই ঘটনায় তিনি ব্যথিত এবং মর্মাহত।
এ ঘটনায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ১৩ হাজার ৮১২ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দেশটিতে তিনদিনের জাতীয় শোক পালিত হবে।
এসবি

