Logo

আন্তর্জাতিক

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৫:৩১

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পাঁচ বছর পর মিয়ানমারের রাষ্ট্রপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন অভ্যুত্থানকারী জেনারেল মিন অং হ্লাইং।

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির সেনাসমর্থিত পার্লামেন্টে এক ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

পার্লামেন্টের সম্মিলিত উচ্চ ও নিম্নকক্ষের স্পিকার অং লিন দ্বে নিশ্চিত করেছেন যে, মোট ৫৮৪টি ভোটের মধ্যে ৪২৯টি ভোট পেয়েছেন ৬৯ বছর বয়সী এই জেনারেল। এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত দল বড় জয় পায়, যাকে পশ্চিমা বিশ্ব ও সমালোচকরা ‘প্রহসনের নির্বাচন’ বলে অভিহিত করেছিল।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে মিন অং হ্লাইং সামরিক বাহিনীর প্রধান (কমান্ডার-ইন-চিফ) পদ থেকে ইস্তফা দেন। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে প্রেসিডেন্ট এবং সামরিক প্রধানের পদে থাকতে পারেন না। তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী এবং গোয়েন্দা প্রধান ইয়ে উইন ও গত সোমবার নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

​মিন অং হ্লাইং এমন এক সময়ে মিয়ানমারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন যখন দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা সামরিক বাহিনীর হাতছাড়া হয়ে গেছে। জান্তা বিরোধী সশস্ত্র যোদ্ধাদের (পিডিএফ) সাথে সেনাবাহিনীর একের পর এক পরাজয়ের মুখে এই রাজনৈতিক পরিবর্তনের ঘোষণা এলো।

বিশ্লেষকরা মনে করছেন, নিজেকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করে আন্তর্জাতিক বৈধতা পাওয়ার লক্ষ্যেই এই কৌশল নিয়েছেন মিন অং হ্লাইং। তবে দেশটিতে গৃহযুদ্ধ এখনো অব্যাহত। সু চির দলের অবশিষ্টাংশ এবং জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো মিলে এই সপ্তাহেই সামরিক শাসনের বিরুদ্ধে একটি নতুন জোট গঠন করেছে। তাদের লক্ষ্য দেশ থেকে একনায়কতন্ত্র নির্মূল করে ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়ন প্রতিষ্ঠা করা। সূত্র: আল জাজিরা


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন