Logo

আন্তর্জাতিক

বললেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, চলমান যুদ্ধে তেহরান নিজ পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

ইরানের সংবাদমাধ্যম ফারসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে প্রতিবেদনে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’ বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। তিনি ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা সেটা দেখতে পাবে।’ 

তিনি আরো বলেন, ‘ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।’

এদিকে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করার শর্ত প্রত্যাখ্যান করেছে ইরান। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি না করলে দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ (অল হেল) মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এক পোস্টে লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’ গত ২৬ মার্চ তিনি এ আল্টিমেটাম দিয়েছিলেন।

ট্রাম্প আরো বলেন, সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর ‘চরম বিপর্যয়’ নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের এই হুমকিকে ‘অসহায়, অস্থির, ভারসাম্যহীন এবং বোকামির’ বলে আখ্যায়িত করেছেন।

ট্রাম্পের ভাষার পাল্টা জবাবে এই জেনারেল সতর্ক করে বলেন, ‘তোমাদের জন্যই ভয়াবহ পরিস্থিতির দরজা খুলে যাবে।’

পরে ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেন যেখানে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানে এই বিশাল হামলায় ইরানের অনেক সামরিক নেতাসহ আরও অনেক কিছু ধ্বংস হয়ে গেছে।’

তবে এ হামলা ঠিক কখন চালানো হয়েছে, সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন