আলটিমেটামের ছায়ায় কূটনৈতিক তৎপরতা
ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের দুই ধাপের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৪:৩১
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাব সামনে এসেছে। পাকিস্তান, মিশর ও তুরস্কের যৌথ মধ্যস্থতায় দুই ধাপের এই পরিকল্পনা উত্থাপন করা হয়েছে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ফার্স্ট পোস্ট।।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ৪৫ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে, এই সময়সীমার অভিজ্ঞতা ও অগ্রগতির ভিত্তিতে একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আগামী দুই দিনের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে। তবুও বড় ধরনের সংঘাত বা বিপর্যয় এড়াতে এটিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার মধ্যে তার শর্ত মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান হলেও পারস্পরিক আস্থার ঘাটতি এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে।
যুক্তরাষ্ট্র যেখানে ‘বিশ্বাসযোগ্য পদক্ষেপ’ দেখতে চাইছে, সেখানে ইরান স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে আগ্রহী নয়। তাদের আশঙ্কা, সাময়িক সমঝোতা ভবিষ্যতে নতুন ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

