Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ‘লেবাননের জন্য প্রযোজ্য নয়’: নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৫২

যুদ্ধবিরতি ‘লেবাননের জন্য প্রযোজ্য নয়’: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি লেবানন সীমান্তের যুদ্ধের ক্ষেত্রে কার্যকর হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ ইরানকে পারমাণবিক ও সন্ত্রাসী হুমকি থেকে মুক্ত করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে তিনি স্পষ্টভাবে বলেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।”

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছিলেন যে, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করতে সম্মত হয়েছে। কিন্তু নেতানিয়াহুর এই ঘোষণা সেই দাবিকে নাকচ করে দিল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিবৃতির পরপরই লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। টায়ার অঞ্চলের স্রিফা শহরে বোমা হামলার পাশাপাশি কয়েকটি ভবন খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের সেনাবাহিনী এক সতর্কবার্তায় নাগরিকদের আপাতত দক্ষিণ দিকের গ্রামগুলোতে ফিরতে নিষেধ করেছে। তারা জানিয়েছে, যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়লেও ইসরায়েলি দখলদার বাহিনী এখনো অগ্রসর অবস্থানে রয়েছে এবং ফিরে আসা নাগরিকদের জন্য তা চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।

গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর ইসরায়েলি হামলা এবং পূর্ববর্তী যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদেই তারা এই পাল্টা আক্রমণ শুরু করেছিল। লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১ মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ১,৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লক্ষ মানুষ। ইসরায়েলি বাহিনী বর্তমানে দক্ষিণ লেবাননে একটি বাফার জোন’ তৈরির লক্ষ্যে স্থল অভিযান চালাচ্ছে।

বৈরুত থেকে আল জাজিরার প্রতিনিধিরা জানাচ্ছেন, ইরানের সাথে আসন্ন আলোচনায় লেবানন ইস্যুটি স্থান পাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম মনে করেন, হিজবুল্লাহর সামরিক তৎপরতা মূলত ইরান থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে আগামী দুই সপ্তাহের ওয়াশিংটন-তেহরান আলোচনা লেবাননের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন