Logo

আন্তর্জাতিক

চ্যাটজিপিটির কারিগর স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১৩:৩৫

চ্যাটজিপিটির কারিগর স্যাম অল্টম্যানের বাসভবনে হামলা

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে সানফ্রান্সিসকো পুলিশ (এসএফপিডি)।

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর প্রায় ৪টার দিকে সন্দেহভাজন ব্যক্তি ওই বাসভবনকে লক্ষ্য করে একটি মলোটভ ককটেল নিক্ষেপ করেন। এতে বাড়ির বাইরের একটি গেটে আগুন ধরে যায়। এরপর তিনি হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

কর্তৃপক্ষ এখনো সন্দেহভাজন ব্যক্তির পরিচয় বা হামলার সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে পুলিশ জানায়, নর্থ বিচ এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়েছে।

ওপেনএআই-এর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘটনাটি স্যাম অল্টম্যানের বাসভবনেই ঘটেছে। তিনি বলেন, ‘সৌভাগ্যবশত কেউ আহত হননি। এসএফপিডি দ্রুত সাড়া দিয়েছে।’

পুলিশ এখনো হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা দেয়নি। ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে ওপেনএআই সদর দপ্তরের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআই-এর কার্যালয়কে ঘিরে হুমকি ও বিক্ষোভের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটেই এই ককটেল হামলার ঘটনা ঘটল। গত নভেম্বরে অজ্ঞাত এক ব্যক্তির হুমকির পর সানফ্রান্সিসকোতে অবস্থিত কোম্পানির সদর দপ্তরে সাময়িকভাবে লকডাউন করতে হয়েছিল।

জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যুক্তরাষ্ট্রে জনমত এখনও বিভক্ত। এনবিসি নিউজের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই প্রযুক্তিকে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই)-এর চেয়েও কম ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

সমালোচনা সত্ত্বেও ওপেনএআই-এর প্রবৃদ্ধি দ্রুতগতিতে এগোচ্ছে। প্রতিষ্ঠানটি গত মাসে জানায়, একটি বড় তহবিল সংগ্রহের পর তাদের মূল্যায়ন দাঁড়িয়েছে ৮৫২ বিলিয়ন ডলারে। তবে এত উচ্চ ব্যয়ের বিপরীতে পর্যাপ্ত আয় করতে পারবে কি না, সে প্রশ্ন এখনো রয়ে গেছে।

ওপেনএআই-এর অন্যতম প্রধান পণ্য চ্যাটজিপিটি ভোক্তা পর্যায়ের এআই বাজারে এখনও আধিপত্য ধরে রেখেছে। এর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটির বেশি এবং প্রায় ৫ কোটি সাবস্ক্রাইবার রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত এক বছরে তাদের সার্চ ফিচারের ব্যবহার প্রায় তিনগুণ বেড়েছে। সূত্র: আল জাজিরা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন