Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ নীতি বদলালেই চুক্তির পথ খুলবে: পেজেশকিয়ান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৫০

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ নীতি বদলালেই চুক্তির পথ খুলবে: পেজেশকিয়ান

সংগৃহীত

ইসলামাবাদে সাম্প্রতিক বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনো বন্ধ হয়ে যায়নি বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, ওয়াশিংটন যদি ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ থেকে সরে এসে ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে দুই দেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, “মার্কিন সরকার যদি তাদের বর্তমান অবস্থান পরিবর্তন করে এবং ইরানের অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে সমঝোতার পথ খুঁজে বের করা সম্ভব।” তিনি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের সদস্যদেরও ধন্যবাদ জানান।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ প্রায় ২১ ঘণ্টার বৈঠক হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এই বৈঠক ছিল যুদ্ধবিরতির পর প্রথম সরাসরি কূটনৈতিক উদ্যোগ।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে গত দুই দশক ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের-এর মধ্যে উত্তেজনা চলছে। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ২১ দিনব্যাপী আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর পরপরই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

পরবর্তীতে টানা সংঘাতের ৩৯তম দিনে, ৭ এপ্রিল, দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে নতুন করে সংলাপ শুরু হলেও তা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে গড়ায়নি।

তবে সাম্প্রতিক মন্তব্যে পেজেশকিয়ান আবারও ইঙ্গিত দিয়েছেন- পারস্পরিক সম্মান ও অবস্থানের পরিবর্তন ঘটলে ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে।

সূত্র : বিবিসি

বাংলাদেশেরে খবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন