ইরান সংশ্লিষ্ট ৩৪৪ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭
ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এর ফলে প্রায় ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ডিজিটাল সম্পদ তথা ক্রিপ্টোকারেন্সি জব্দ (ফ্রিজ) করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) এই তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানের আর্থিক নেটওয়ার্কে চাপ সৃষ্টি করা এবং দেশটির অর্থ স্থানান্তরের সক্ষমতা দুর্বল করা।
স্কট বেসেন্ট বলেন, তেহরান যে অর্থ দেশ থেকে বাইরে সরানোর চেষ্টা করছে আমরা তা অনুসরণ করে পিছু নিব এবং শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব আর্থিক লাইফলাইনকে লক্ষ্যবস্তু করব।
দ্য জেরুজালেম পোস্টের তথ্য মতে, এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের অংশ, যার মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশ ও তহবিল স্থানান্তর থেকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দিকে ঝুঁকেছে। তাই এই খাত এখন ভূ-রাজনৈতিক চাপ প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযানে ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়। পরে ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।
ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া এই যুদ্ধে ইরানে ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
বাংলাদেশের খবর/কেএইচ

