Logo

আন্তর্জাতিক

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:০৪

অ
গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৪০

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আল-মাওয়াসি অঞ্চলে একটি ক্যাফেতে বসে থাকা মানুষের ওপর ড্রোন হামলায় বেশ কিছু মানুষের মৃত্যু হয়। 

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ নভেম্বর) রাতে খান ইউনিসের পশ্চিমে ছোট একটি তাঁবুর ক্যাফেতে ইসরায়েলি ড্রোনের দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যদিও এই এলাকা ইসরায়েলি সামরিক বাহিনী আগেই নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। 

কেন্দ্রীয় গাজা অঞ্চলের দেইর আল-বালাহ থেকে আল-জাজিরার হানি মাহমুদ বলেন, এটি ইসরায়েলের কথিত ‘নিরাপদ এলাকা’ এবং ‘অভ্যন্তরীণ স্থানান্তর অঞ্চল’ সম্পর্কে মিথ্যা বর্ণনার আরও একটি প্রমাণ। এই ক্যাফেতে লোকজন শুধু ইন্টারনেট ব্যবহার বা বড় স্ক্রিনে খেলা দেখার জন্য আসেন। ভেতরে মানুষ থাকা অবস্থায় একটি ড্রোন ব্যবহার করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

তিনি বলেন, খান ইউনিসের নাসের হাসপাতালে চিকিৎসার জন্য আনা কিছু ভুক্তভোগীর চেহারা বিকৃত হয়ে গেছে। 

এর আগে, গাজার কেন্দ্রে অবস্থিত আল আওদা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সোমবার সিরিজ আক্রমণের ফলে ২০ জন নিহত হয়। ইসরায়েলি ট্যাংক পশ্চিম দিক থেকে নুসেরাত শরণার্থী শিবিরে অগ্রসর হয়ে বাসিন্দাদের ও নিরাপদ স্থানে যাওয়া লোকদের ওপর গুলি চালায়।

অক্টোবরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে থাকা উত্তর গাজার বেইত লাহিয়া শহরের চিকিৎসকরা জানান, ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। গাজা সিটিতে আরেকটি বিমান হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন।

একটি ইসরায়েলি ড্রোন বেইত লাহিয়ার নিকটবর্তী কামাল আদওয়ান হাসপাতালেও আক্রমণ চালায়। সেখানে তিনজন মেডিকেল কর্মী আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত বছর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৩ হাজার ৬০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এসবি


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন