ক্যালিফোর্নিয়ার গভর্নরের দৌড়ে স্টিভ হিল্টনের অবিশ্বাস্য উত্থান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:২৫
স্টিভ হিল্টন
রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই—এই প্রবাদটিই যেন আরও একবার প্রমাণ করছেন স্টিভ হিল্টন। একসময় ব্রিটিশ ডাউনিং স্ট্রিটের করিডোরে মোজা পরে হেঁটে বেড়ানো এবং কিম্ভূতকিমাকার সব নীতি প্রণয়ন করার জন্য পরিচিত এই ব্রিটিশ কৌশলী এখন ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার লড়াইয়ে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
সম্প্রতি প্রকাশিত জনমত জরিপগুলোতে দেখা
যাচ্ছে, হিল্টন প্রাইমারি রেসের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে হিল্টন
পরিচিত ছিলেন 'পিন্ট-সাইজড রাসপুটিন' হিসেবে। ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টিকে
আধুনিক করার কারিগর মনে করা হয় তাকে। ক্যামেরনের সেই বিখ্যাত 'হাগ এ হুডি' (তরুণ অপরাধীদের
প্রতি সহানুভূতিশীল হওয়া) প্রচারণার নেপথ্যে ছিলেন হিল্টনই। এখন সেই একই বাগ্মীতা নিয়ে
তিনি ক্যালিফোর্নিয়াকে 'ক্যালিফোর্ডাবল' বা 'সাশ্রয়ী ক্যালিফোর্নিয়া' করার প্রতিশ্রুতি
দিচ্ছেন।
একসময়ের উদারপন্থী টোরি (ব্রিটিশ রক্ষণশীল)
হিল্টনের বর্তমান রূপান্তর অনেককেই অবাক করেছে। ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমানোর পর তিনি
বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক এবং 'মাগা' অনুসারী হিসেবে পরিচিত। হিল্টন
দাবি করেন, ট্রাম্প তার 'স্পিড ডায়ালে' থাকেন। তার ঘনিষ্ঠদের মতে, হিল্টন জানেন কীভাবে
ট্রাম্পের মতো মানুষকে উত্তেজিত করতে হয় এবং নিজের বিতর্কিত আইডিয়াগুলো প্রচার করতে
হয়। হিল্টনের এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তার সাবেক ব্রিটিশ সহকর্মীদের মধ্যে মিশ্র
প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ব্রিটেনের সাবেক লিবারেল ডেমোক্র্যাট নেতা
ভিন্স কেবল হিল্টনকে একজন 'অপরিণত রাজনীতিবিদ' হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, হিল্টন
বড় কোনো দুর্ঘটনা ছাড়া নির্বাচিত হতে পারবেন না।
ডাউনিং স্ট্রিটে তার সঙ্গে কাজ করা এক
উপদেষ্টা বলেন, "হিল্টন অত্যন্ত খ্যাপাটে ধরণের মানুষ। তিনি অবিশ্বাস্য সব আইডিয়া
নিয়ে আসতেন এবং সেগুলো তৎক্ষণাৎ কার্যকর দেখতে চাইতেন। সমঝোতা তার অভিধানে নেই।"
এমনকি তিনি মাতৃত্বকালীন ছুটি বাতিলের প্রস্তাবও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সমালোচনার
স্রোত থাকলেও হিল্টনের সমর্থকরা তাকে নিয়ে আশাবাদী।
ডাউনিং স্ট্রিটের সাবেক প্রেস প্রধান জাইলস
কেনিংহাম বলেন, "বর্তমান অস্থিরতার যুগে, যেখানে এআই এবং প্রযুক্তি সব ওলটপালট
করে দিচ্ছে, সেখানে হিল্টনের মতো চটপটে এবং স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ জানানো মানুষের
প্রয়োজন।"
তার এক বন্ধু জানান, হিল্টন ২০১৬ সালেই
ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ট্রাম্প জিতবেন, যা তখন হাসির খোরাক হয়েছিল। ২০১২ সালে ক্যালিফোর্নিয়ায়
যাওয়ার পরপরই তিনি গভর্নর হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। হিল্টন নিজেকে একজন পরিবেশবাদী
হিসেবে দাবি করেন এবং মনে করেন ডেমোক্র্যাটরা তার আইডিয়াগুলো 'চুরি' করে।
গত দুই দশক ধরে ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাটদের
নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত। সেখানে একজন ব্রিটিশ বংশোদ্ভূত ট্রাম্প সমর্থকের জয় পাওয়া
আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও জনমত জরিপ অন্য কথা বলছে। হিল্টনের লক্ষ্য হলো ক্যালিফোর্নিয়ার
আবাসন সংকট ও জীবনযাত্রার উচ্চ ব্যয়কে পুঁজি করে ভোটারদের মন জয় করা।
ব্রিটিশ রাজনীতিতে একসময় যাকে 'স্বপ্ন
কারখানার মালিক' বলা হতো, তিনি কি পারবেন আমেরিকার সবচেয়ে জনবহুল রাজ্যের শাসনভার গ্রহণ
করতে? হিল্টনের ঘনিষ্ঠরা বলছেন, তাকে অবমূল্যায়ন করাটা হবে বড় ভুল। ব্রিটেনকে 'জগাখিচুড়ি'
মনে করা হিল্টন এখন ক্যালিফোর্নিয়ার প্রেমে মগ্ন এবং সেখানেই গড়তে চান তার নতুন রাজনৈতিক
ইতিহাস।
বাংলাদেশের খবর/এম.আর

