Logo

আন্তর্জাতিক

আবারও অভিশংসিত ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৩৯

আবারও অভিশংসিত ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে

সারা দুতার্তে

ফিলিপাইনের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তেকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত (ইমপিচ) করেছে। সোমবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ব্যাপক ব্যবধানে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে সারা দুতার্তের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা বড় ধরনের আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ল।

সোমবার রাতের এই ভোটাভুটি প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের রাজনৈতিক শক্তির মহড়া হিসেবে দেখা হচ্ছে। উপস্থিত ২৯০ জন সংসদ সদস্যের মধ্যে ২৫৫ জনই দুতার্তের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন, যা প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোটের চেয়ে অনেক বেশি। এখন এই মামলাটি বিচারের জন্য সিনেটে পাঠানো হবে।

৪৭ বছর বয়সী সারা দুতার্তের বিরুদ্ধে মূল অভিযোগ সরকারি তহবিলের অপব্যবহার। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, তার স্ত্রী এবং হাউস স্পিকারের বিরুদ্ধে জনসমক্ষে হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালেও তাকে একই অভিযোগে অভিশংসিত করা হয়েছিল, কিন্তু আইনি জটিলতায় সুপ্রিম কোর্ট সে সময় সিনেট বিচার প্রক্রিয়া স্থগিত করে দেয়।

সারা দুতার্তে এই পুরো প্রক্রিয়াটিকে এক টুকরো মূল্যহীন কাগজ’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তিনি তদন্ত কমিটির কোনো শুনানিতে উপস্থিত হতেও অস্বীকৃতি জানিয়েছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, এখন অভিযোগকারীদের দায়িত্ব হলো আদালতে এসব অভিযোগের সত্যতা প্রমাণ করা।

ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, সিনেট বিচারে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তবে তিনি আজীবনের জন্য যেকোনো সরকারি পদের জন্য অযোগ্য ঘোষিত হবেন। বর্তমানে বিভিন্ন জনমত জরিপে ২০২৮ সালের প্রেসিডেন্ট পদের দৌড়ে তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন। কিন্তু এই অভিশংসন প্রক্রিয়া তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

২০২২ সালের নির্বাচনে এই দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবার জোটবদ্ধ হয়ে লড়লেও গত বছর থেকেই তাদের সম্পর্কে ফাটল ধরে। বিশেষ করে সারা দুতার্তের বাবা সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হাতে তুলে দেওয়ার বিষয়ে মার্কোস জুনিয়র সায় দেওয়ার পর থেকেই এই তিক্ততা চরমে পৌঁছায়। রদ্রিগো দুতার্তে বর্তমানে মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধের দায়ে হেগ-এ বিচারাধীন রয়েছেন।

 

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন