Logo

আন্তর্জাতিক

পুরোনো গাড়ির শোভাযাত্রা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৫:৫৯

পুরোনো গাড়ির শোভাযাত্রা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টোলসা শহরের রুট সিক্সটি সিক্স সড়কটি গত শনিবার হঠাৎই যেন পরিণত হয়েছিল উন্মুক্ত জাদুঘরে। রাস্তাজুড়ে সাজানো ছিল পুরোনো মডেলের দুর্লভ সব গাড়ি। গাড়িগুলো রীতিমতো একটি শোভাযাত্রাও করল। 

এদিন ওই সড়কে আয়োজিত এই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছিল তিন হাজার ৫৯৬টি পুরোনো মডেলের গাড়ি। আর এর মধ্য দিয়ে শোভাযাত্রাটি আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

এর আগে গিনেসে এ ধরনের আয়োজনের যে রেকর্ডটি ছিল, তার চেয়ে এবারের আয়োজনে এক হাজার ১০৫টি গাড়ি বেশি ছিল।

শনিবার আয়োজনের নাম দেওয়া হয়েছিল ‘টোলসা রুট সিক্সটি সিক্স ক্যাপিটাল ক্রুজ: ক্ল্যাসিক কার সেন্টেনিয়াল প্যারেড’। ঐতিহাসিক রুট সিক্সটি সিক্স সড়কের ১০০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রাটির আয়োজন করা হয়।

টোলসা শহরের মেয়র মনরো নিকোলস এক বিবৃতিতে বলেন, ‘আমি টোলসাকে নিয়ে খুবই গর্বিত ও নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরে অত্যন্ত আনন্দিত। টোলসার রুট সিক্সটি সিক্স ক্যাপিটাল ক্রুজ আয়োজনটি ছিল এক বছর ধরে চলা একটি প্রস্তুতির ফল। এখানে টোলসার বিভিন্ন সহযোগী পক্ষ একসঙ্গে কাজ করেছে। এর উদ্দেশ্য ছিল, বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে টোলসাই রুট সিক্সটি সিক্সের রাজধানী এবং টোলসার মতো করে এমন উদ্যোগ আর কোনো শহর নিতে পারে না।’

নিকোলসের দাবি, এখন থেকে আগামী ১০০ বছর ধরে যখনই কেউ রুট সিক্সটি সিক্সের শতবর্ষের কথা বলবে, তারা ওকলাহোমার টোলসাকে স্মরণ করবে।

এই শোভাযাত্রায় অংশ নেওয়া গাড়িগুলোর চালকেরা মূলত যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্য থেকে এসেছেন। কানাডা ও ফ্রান্স থেকেও অনেকে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন