ইরানের সঙ্গে আলোচনা আজ শুরুর কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৩৭
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সোমবার (৩ আগস্ট) শুরু হবে। তবে তিনি চুক্তির জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালি খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছার আশায় আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন।
শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছিলেন, ইরান ও অন্যান্য পশ্চিম এশিয়ার দেশগুলো একটি চুক্তি সম্পূর্ণ করার জন্য সময় চেয়েছে। এই চুক্তি অবিলম্বে, পূর্ণাঙ্গ ও পুরোপুরি হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের পারমাণবিক হুমকির সমাপ্তি ঘটাবে; তবে তেহরানকে অবশ্যই দ্রুত একটি চুক্তি করতে হবে।
রোববার সাপ্তাহিক ছুটি শেষে নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে ট্রাম্প জানান, দুপক্ষের মধ্যে আলোচনা সোমবার বিকালে শুরু হবে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর প্রস্তুতি দেখতে পেয়েছিল। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। এটি সোমবার বিকালে শুরু হবে।’
রয়টার্স জানিয়েছে, তবে কোথায় এই আলোচনা হবে বা কারা কারা এতে যুক্ত থাকবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
একটি চুক্তিতে আসতে ইরানের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে তার এমন প্রতিশ্রুতির পরও বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা দেখব পরিস্থিতি কেমন হয়। আমরা যখনই চাইব, প্রস্তুত... আমি মানুষ হত্যা করতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা হামলা না চালানোর অনুরোধ করেছিলেন।
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা অনুরোধ করেছে, কারণ তারা মনে করে একটি চুক্তি হয়েছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে, এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি চুক্তি হবে।’
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে তেহরান যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি। পাশাপাশি তারা ট্রাম্পের দাবিকে নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে উল্লেখ করেছে।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত চলছে।
এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা জুনে ভেঙে যায়। সম্প্রতি মার্কিন বাহিনীর ওপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার প্রতিশোধ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে ইরানের ওপর একদফা শক্তিশালী হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র।
এই সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতেও প্রবল ধাক্কা লেগেছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে পড়েছে।
বাংলাদেশের খবর/আরইউ

