Logo

আন্তর্জাতিক

ওয়াশিংটনে দাবানল

৬০ হাজার মানুষকে জরুরি স্থানান্তরের নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২০:২৮

৬০ হাজার মানুষকে জরুরি স্থানান্তরের নির্দেশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও এর আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়া তাণ্ডবময় দাবানলে চরম বিপর্যয় সৃষ্টি হয়েছে। অনিয়ন্ত্রিত এই আগুনে এ পর্যন্ত অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাটির প্রায় ৬০,০০০ বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরে যাওয়ার (ইভাকুয়েশন) নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে স্পোকেন এলাকায় প্রায় ২১ বর্গকিলোমিটার (৮ বর্গমাইল) এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিও চিত্রে দেখা যায়, আবাসিক এলাকাগুলোর ঠিক পাশেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। শত শত বসতবাড়ির স্থান এখন ছাইয়ের স্তূপ, যেখানে কেবল ইট-পাথরের চিমনিগুলো অবশিষ্ট রয়েছে।

রাজ্যজুড়ে প্রায় ১,০০০ বর্গকিলোমিটার (৩৮৬ বর্গমাইল) বনাঞ্চল ও সমভূমি ইতিমধ্যেই পুড়ে গেছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা নিখোঁজের খবর মেলেনি, তবে উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে পরিস্থিতি এখনও বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে দিয়ে বলেন, আমরা এখনও বিপদ মুক্ত নই। আগামী কয়েকদিন আবহাওয়া চরম শুষ্ক থাকবে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

দাবানলের তীব্রতার কারণে ফেডারেল, রাজ্য ও স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর সক্ষমতা প্রায় শেষ প্রান্তে পৌঁছেছে। দাবানলের প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও কীভাবে এর সূত্রপাত হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। কেবল ওয়াশিংটন রাজ্যই নয়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য বর্তমানে অনিয়ন্ত্রিত দাবানলের সাথে লড়াই করছে এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় আইডাহো এবং পূর্ব ওরেগনের বিস্তীর্ণ অঞ্চলে টানা দশ দিন ধরে চলা এক দাবানলে প্রায় ১,৩৬০ বর্গকিলোমিটার এলাকা ভস্মীভূত হয়েছে।

গবাদিপশুর খামার সমৃদ্ধ এই অঞ্চলে দাবানলের মুখে ৬০০টিরও বেশি বসতবাড়ি ও ৮০০টি স্থাপনা ঝুঁকিতে রয়েছে। সেখানে বুলডোজার ও হেলিকপ্টার নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মধ্য ইউটায় দাবানল মাত্র দুই দিনে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৪১ বর্গকিলোমিটার থেকে ১৪৫ বর্গকিলোমিটারে রূপ নিয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আগুনে পুড়ে সেখানে অন্তত ১০০টিরও বেশি গবাদিপশু মারা গেছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বৈশ্বিক উষ্ণায়ন ও দীর্ঘমেয়াদী খরার কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের সংখ্যা ও ভয়াবহতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। ধোঁয়া ও ছাইয়ের কারণে পার্শ্ববর্তী এলাকাগুলোর বায়ুমান চরম মারাত্মক অবস্থায় পৌঁছেছে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন