Logo

আন্তর্জাতিক

‎রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, একদিনে নিহত ২৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০০

‎রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা, একদিনে নিহত ২৭

‎রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ দফায় দুই দেশে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

‎এর মধ্যে রাশিয়ায় প্রাণ হারিয়েছেন ১৬ জন এবং ইউক্রেনে ১১ জন। আহত হয়েছেন কয়েক ডজন। খবর আল জাজিরার।

‎মঙ্গলবার ভোরে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মস্কো অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

‎টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, সোমবার গেলেনঝিকের কাছে অবস্থিত পর্যটনকেন্দ্র আর্খিপো-ওসিপোভকা গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিন শিশুসহ সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

‎এর আগে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ জানান, উপদ্বীপটিতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন।

‎সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার শুয়ায়েভ জানান, সেখানে চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

‎অন্যদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ হামলায় এক জরুরি সেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে এলাকাটি বারবার রুশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

‎অঞ্চলটির গভর্নর ওলেক্সান্দর হানঝা টেলিগ্রামে জানান, হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে পেট্রোল স্টেশনটি এবং আশপাশে থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

‎ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত ২১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে এবং নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

‎এ ছাড়া সোমবার রাতভর চালানো আরেক হামলায় জাপোরিঝঝিয়া অঞ্চলে দুই শিশুসহ আরও আটজন নিহত হয়েছেন।

‎সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা নামে দুটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

‎এদিকে রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ এর ওপরও নতুন করে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে। পূর্ব রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের খ্রিয়াস্তোভো গ্রামের একটি গুদামে ড্রোন আঘাত হানে।

‎ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় ওয়াইল্ডবেরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার ভাষ্য, স্বাধীন বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার তদন্তে দেখা গেছে, প্রতিষ্ঠানটি সামরিক ও বেসামরিক—উভয় কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য বিক্রি করে। এর মধ্যে রয়েছে ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল।

‎এ ছাড়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছে একটি গুদামেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো।

‎গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। বৈঠকটিকে তিনি ‘ভালো’ বলে অভিহিত করেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান জেলেনস্কি। এ বিষয়টি শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার টেলিফোন আলাপেও উঠে আসে।

‎তবে এরই মধ্যে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিজ দেশে উৎপাদনের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন বলে জানা গেছে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন