Logo

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় ট্রাম্পের মাস্টারপ্ল্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২০:৪৮

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় ট্রাম্পের মাস্টারপ্ল্যান

আমেরিকায় আসন্ন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে পারদ চড়তে শুরু করেছে। রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা বর্তমান সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কৌশল গ্রহণ করেছেন, তার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টেনেসি অঙ্গরাজ্য।

সম্প্রতি সম্পন্ন হওয়া প্রাইমারি নির্বাচনে রাজ্যের পুনর্নির্ধারিত (রেডিস্ট্রিক্টেড) নবম কংগ্রেসনাল আসনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকে দুজন প্রভাবশালী প্রার্থী চূড়ান্ত মনোনীত হয়েছেন। আগামী নভেম্বরের মূল নির্বাচনে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে মুখোমুখি লড়াইয়ে নামছেন তারা।

রিপাবলিকান দল থেকে প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট অঙ্গরাজ্য সেনেটর ব্রেন্ট টেলর। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির টিকিট পেয়েছেন রাজ্য প্রতিনিধি জাস্টিন পিয়ার্সন। উল্লেখ্য, তিন বছর আগে বন্দুক নিয়ন্ত্রণ আইনের দাবিতে আইনসভায় প্রতিবাদ জানিয়ে পদ হারিয়ে সারা দেশে ব্যাপক পরিচিতি পান এই কৃষ্ণাঙ্গ নেতা। মার্কিন সুপ্রিম কোর্টের ভোটিং রাইটস অ্যাক্টসংক্রান্ত সাম্প্রতিক একটি রায়ের সুযোগ নিয়ে টেনেসির রিপাবলিকান নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ চলতি বছর এই আসনের নতুন সীমানা নির্ধারণ করে।

এর আগে মেমফিসভিত্তিক এই আসনটি মূলত কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ও ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু সীমানা পুনর্গঠনের মাধ্যমে আসনটি ভেঙে ২০০ মাইল পূর্বে গ্রামীণ এলাকা থেকে উত্তর দিকে ন্যাশভিল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব অনুযায়ী, এই আসনের প্রায় ৭১ শতাংশ ভোটারই সম্পূর্ণ নতুন এবং ডেমোক্র্যাটঘেঁষা মেমফিসের রাজনৈতিক গুরুত্ব কমাতে একে কৌশলগতভাবে রিপাবলিকানদের অনুকূলে রূপান্তর করা হয়েছে।

নতুন এই রাজনৈতিক মেরুকরণ নিয়ে মেমফিস অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে সেলবি কাউন্টির সবচেয়ে জনবহুল শহর মেমফিস নিজস্ব কংগ্রেসনাল আসনের মূল কেন্দ্র ছিল। তবে নতুন সীমানার ফলে এখন সমগ্র কাউন্টি তিনটি আলাদা গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়েছে, যা শহরের সাধারণ মানুষের প্রতিনিধিত্বকে সংকুচিত করবে বলে মনে করছেন স্থানীয়রা। টেনেসি অঙ্গরাজ্যের মোট ৯টি আসনেই শতভাগ জয় নিশ্চিত করে ওয়াশিংটনে রিপাবলিকান আধিপত্য বজায় রাখাই মূলত ট্রাম্প ও তার দলের এই মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য।

প্রাইমারির এই লড়াইয়ে কেবল নতুন আসনই নয়, ঘটেছে রাজনৈতিক বড় ধরনের অঘটনও। ট্রাম্পের প্রারম্ভিক সমর্থন পাওয়া সত্ত্বেও টেনেসির পঞ্চম কংগ্রেসনাল আসনে বর্তমান রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি ওগলস পরাজিত হয়েছেন। তাকে হারিয়ে রিপাবলিকান মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন অঙ্গরাজ্যের সাবেক কৃষি কমিশনার চার্লি হ্যাচার। ট্রাম্প সমর্থিত প্রার্থীর এই হারকে সাম্প্রতিক প্রাইমারিগুলোতে ট্রাম্পের জন্য একটি বিরল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

টেনেসির বর্তমান গভর্নর বিল লি-র সমর্থন নিয়ে হ্যাচার নিজেকে প্রো-ট্রাম্প হিসেবে তুলে ধরেন এবং ওগলসের রাজনৈতিক বাকপটুতার চেয়ে কাজের মানসিকতাকে প্রচারের মূল হাতিয়ার বানান। উল্লেখ্য, রক্ষণশীল ফ্রিডম ককাসের সদস্য ওগলস অতীতে নির্বাচনী তহবিল জালিয়াতির অভিযোগে এফবিআই তদন্তের মুখোমুখি হয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ রেসেও বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। রাজ্যের গভর্নর বিল লি মেয়াদের সীমাবদ্ধতার কারণে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। ফলে খালি হওয়া এই আসনে গভর্নর পদের জন্য রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন বর্তমান মার্কিন সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন। ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সেনেটর নির্বাচিত হওয়া ব্ল্যাকবার্ন নভেম্বরের মূল নির্বাচনে জয়ী হলে সেনেট আসনটি খালি করতে হবে।

তার বিপরীতে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেমফিস সিটি কাউন্সিলের সদস্য জেরি গ্রিন। নতুন সীমানা বনাম রাজনৈতিক জনসমর্থনের এই দ্বিমুখী লড়াইয়ে আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে যাবেতা নির্ধারণে টেনেসির এই আসনগুলো অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করবে।

 

বাংলাদেশের খবর/ এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন