Logo

আন্তর্জাতিক

সুনামির শঙ্কা

‎এবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৬

‎এবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।  শক্তিশালী এ ভূ-কম্পনের পর সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

‎পরে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে। 

‎স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

‎ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার। এর কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

‎বিএমকেজি জানায়, ভূমিকম্পটির পর সুনামি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছিল।

‎তবে কিছুক্ষণ পরই পরিস্থিতির নতুন তথ্য জানিয়ে সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

‎ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এই এলাকায় টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
১৯৯২ সালেও একই ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছিল। ওই ঘটনায় প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছিল। ফলে নতুন এই ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে। 
‎এর আগে গত সোমবার স্থানীয় সময় সকালে কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত বুধবার জানিয়েছিলেন, ভূমিকম্পে এ পর্যন্ত ২৬৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪৯৬ জন।
শক্তিশালী এ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন