স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৩৬
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ ঘোষণা করা হয়েছে। পরে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ভোরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
তথ্যমন্ত্রী জানান, যথাযথ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চক্ষু, হৃদ্রোগ ও মেডিসিন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল তার বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন।
পরীক্ষা শেষে চিকিৎসকেরা ইমরান খানকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেন।
ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির অভিযোগের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ রায়ে বলেন, একজন বন্দির জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। আদালত নির্দেশ দেন, ইমরান খানের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞও যুক্ত থাকবেন।
একই আদেশে দীর্ঘ কয়েক মাস পর তাকে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতিও দেওয়া হয়। মঙ্গলবার রাতে তার বোন নওরীন নিয়াজি কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। স্ত্রী বুশরা বিবিও ইমরানের সঙ্গে দেখা করেছেন।
বাংলাদেশের খবর/আরইউ

