Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৫৭

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে আগুন লেগেছে। এতে অন্তত ১৫ নবজাতক মারা গেছে। 

বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

পিআইএমএসের কর্মকর্তারা জানান, হাসপাতালটির ওই ওয়ার্ডে নবজাতকদের রাখার কক্ষে মোট ১৬টি শিশু ছিল। একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর ওই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালটির এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় লাগা আগুনে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স সেখানে উদ্ধারকাজে অংশ নেয়।

অগ্নিকাণ্ডে অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুন লাগার কারণ খুঁজবে এবং কীভাবে এ ঘটনা ঘটল, সেটা খতিয়ে দেখবে।

ঘটনার পর সংশ্লিষ্ট এমসিএইচ ওয়ার্ড সিলগালা করে দেওয়া হয়েছে। এদিকে মৃত শিশুদের অভিভাবকদের অভিযোগ, আগুন লাগার সময় ইনকিউবেশন সেন্টারে কোনো কর্মী উপস্থিত ছিলেন না। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

মর্মান্তিক এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নবজাতকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তাফা কামাল সংবাদ মধ্যমকে বলেন, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো হাসপাতাল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) নগরীটির অন্যতম প্রধান সরকারি হাসপাতাল। গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এখানে কয়েকদিন রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন