আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৪৩
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় তীব্র দাবানল ছড়িয়ে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছেন আরও ডজনখানেক মানুষ। দেশের উত্তর উপকূলীয় কয়েকটি প্রদেশ জুড়ে শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপদাহের কারণে একাধিক স্থানে একযোগে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
আলজেরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী সাইদ সায়ুদ
বুধবার রাতে নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডে অন্তত ৫৪ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন,
যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা
দেওয়া হচ্ছে। প্রাদেশিক নিহতের পরিসংখ্যানে জানা যায়, জিজেল প্রদেশে ৫ জন, বেজাইয়াতে
৪ জন এবং তিজি ওজু অঞ্চলে ৩ জন প্রাণ হারিয়েছেন।
আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে,
সারা দেশে একযোগে ৬৯টি স্থানে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। বেজাইয়া
ও জিজেল প্রদেশের বসতি এলাকাগুলো ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় শত শত বাসিন্দাকে নিরাপদ
স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম জিজেলে প্রকাশিত ফুটেজে দেখা যায়,
চারপাশে বিষাক্ত ধোঁয়ার মেঘ জমে ওঠায় আতঙ্কিত বাসিন্দারা একটি ডাকঘরে গিয়ে আশ্রয়
নিচ্ছেন। পরিস্থিতি তদারক করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক
আইত মেসাউদেনে সরাসরি উপদ্রুত এলাকা সফর করছেন।
উত্তর আফ্রিকাজুড়ে তৈরি হওয়া চরম তাপদাহ
ও খরা এই দাবানলকে আরও উসকে দিয়েছে। এর আগে গত জুলাই মাসেই আলজেরিয়ায় ২,০০০-এর বেশি
দাবানলের ঘটনা রেকর্ড করা হয়, যেখানে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া তিন বছর
আগে বেজাইয়া অঞ্চলে ভয়াবহ বন ও কৃষিজমি ভস্মীভূত হয়ে ৩০ জনের প্রাণহানি ঘটেছিল।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর
মতে, উত্তর আফ্রিকা অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির হার তুলনামূলকভাবে সবচেয়ে দ্রুত—১৯৯১ থেকে ২০২৫
সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি দশকে এই অঞ্চলে ০.৪৩ ডিগ্রি সেলসিয়াস হারে
তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তীব্র দাবদাহ ও পানির সংকটের কারণে সম্প্রতি আলজেরিয়ায়
উটসহ গৃহপালিত পশুপাখির মৃত্যুর হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সমগ্র অঞ্চলের বাস্তুতন্ত্রকে
চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশের খবর/ এম.আর

