Logo

আন্তর্জাতিক

দ.কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

অ
দ.কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন পদত্যাগ করেছেন। তার গার্ডরা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করতে কেন বাধা দিয়েছিল এ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে শুক্রবার (১০ জানুয়ারি) পদত্যাগ করেন তিনি। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা নতুন করে ইউন সুক ইওলকে গ্রেপ্তারের উদ্যোগ নিচ্ছে। 

প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা (পিএসএস)-এর একজন কর্মকর্তা জানান, পার্ক চং-জুন শুক্রবার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার সময় তার পদত্যাগপত্র জমা দেন। এটি পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক গ্রহণ করেন। 

এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারির জন্য নতুন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। 

শুক্রবার পার্ক সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারের চেষ্টায় কোনো ধরনের রক্তপাত হওয়া উচিত হবে না।’ 

তিনি আরও বলেন, ‘সরকারি সংস্থাগুলোর মধ্যে সংঘাতের কারণে অনেক নাগরিক উদ্বিগ্ন এবং আমি মনে করি কোনো অবস্থাতেই শারীরিক সংঘাত বা রক্তপাত হওয়া উচিত নয়।’ 

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের ৩ তারিখে সংক্ষিপ্ত সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর সৃষ্ট দেশের কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে থাকা ইউন তার নিরাপত্তা বাহিনীর সহায়তায় গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। 

গ্রেপ্তার হলে ইউন হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট। 

এদিকে ইউনের নিরাপত্তা দল সিউলে তার বাসস্থানের চারপাশে কাঁটাতারের বেড়া ও বাস ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা বাড়িয়েছে। 

দক্ষিণ কোরিয়ার সংসদে ইউনের অভিশংসন প্রক্রিয়া চলমান রয়েছে, যা জানুয়ারির ১৪ তারিখ থেকে শুরু হবে। আদালত ১৮০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। 

বিশ্লেষকরা বলছেন, গ্রেপ্তারের সময় সহিংস সংঘাত হলে ইউনের অবস্থান দুর্বল হতে পারে। 

তবে, এই সংকটের মধ্যে ইউনের দল ‘পিপল পাওয়ার পাটি’র জনপ্রিয়তা বেড়েছে। শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, তিন সপ্তাহে দলের সমর্থন ২৪ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছেছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন