Logo

আন্তর্জাতিক

সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ : বিশ্ব আবহাওয়া সংস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:১৬

অ
সবচেয়ে উষ্ণতম বছর ২০২৪ : বিশ্ব আবহাওয়া সংস্থা

ছবি : সংগৃহীত

এখন পর্যন্ত ২০২৪ ছিল সবচেয়ে উষ্ণতম বছর বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। শুক্রবার (১০ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। বৈশ্বিক তাপমাত্রার এই অবস্থা জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করে।

শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সীমানা ছুঁয়েছে।

ডব্লিউএমও ছয়টি স্বাধীন আন্তর্জাতিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা জানান, ২০২৪ সালের উষ্ণ তাপমাত্রা প্রমাণ করে যে, পৃথিবী প্রাক-শিল্প সময়ের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। যা জলবায়ু সম্পর্কিত প্যারিস চুক্তির লক্ষ্য সীমা ছিল।

এই বছরের তীব্র তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি, বরফ গলন এবং চরম আবহাওয়া পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবকে তুলে ধরে। গত দশকজুড়ে গরমের প্রবণতা অব্যাহত থাকলেও ২০২৪ ছিল সবচেয়ে উষ্ণ বছর।

ডব্লিউএমও মহাসচিব সেলেস্ট সাওলো বলেন, ‘জলবায়ু পরিবর্তনের তীব্রতা এখন আমাদের চোখের সামনে। এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি বিশ্বব্যাপী চরম আবহাওয়া এবং পরিবেশগত বিপর্যয় ঘটাচ্ছে, যা মানুষের কর্মকাণ্ডের ফল।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব তথ্যকে ‘শীতল ও কঠিন বাস্তবতা’ বলে অভিহিত করেছেন এবং বিশ্বনেতাদের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এখনও সময় আছে, তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়লে তার পরিণতি ভয়াবহ হতে পারে, যার ফলে অর্থনীতি, পরিবেশ ও মানব জীবনে মারাত্মক প্রভাব পড়বে।

ডব্লিউএমও ও জাতিসংঘের নেতারা আগাম সতর্কতা দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন