নারীদের মানুষ মনে করে না তালেবান : মালালা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭
ছবি : সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই বলেছেন, তালেবান নারীদের মানুষ মনে করে না। তারা নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে আসছে।
মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা, সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে রোববার (১২ জানুয়ারি) পাকিস্তানে একটি বৈশ্বিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই তিনি একথা বলেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে ওই সম্মেলনে মালালা আরও বলেন, যদি আমরা আফগান তরুণীদের শিক্ষার কথা এখানে আলোচনা না করি, তাহলে এই সম্মেলনের উদ্দেশ্য পূর্ণ হয় না।
তালেবান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নারীদের অধিকার হরণ করতে তারা অন্তত ১০০টি আইন প্রণয়ন করেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি তরুণী মালালা বলেন, আমি মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। যারা আমাদের এখানে একত্রিত করেছে।
গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ নিয়েও কথা বলেন মালালা। তার মতে- দখলদাররা পুরো গাজার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
পাকিস্তানের অন্তত ১২ মিলিয়ন মেয়ে স্কুলে যায় না বলে দাবি মালালার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পাকিস্তানি মেয়েদেরও বর্ণিল পৃথিবীর অংশ হওয়া উচিৎ। প্রতিটি মেয়ের অন্তত ১২ বছর পর্যন্ত স্কুলে যাওয়া দরকার।
সম্মেলনে মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল মালালা ইউসুফজাইকে সম্মানসূচক শিল্ড প্রদান করেন।
সূত্র : ডেইলি জংগ
বিএইচ/

