Logo

আন্তর্জাতিক

কিয়েভে রুশ হামলায় নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:২২

অ
কিয়েভে রুশ হামলায় নিহত ৩

ছবি : সংগৃহীত

কিয়েভে একই সাথে রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর কাচেঙ্কো জানান  শনিবারের (১৮ জানুয়ারি) এই হামলার ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় একটি বিপণী কেন্দ্র, মেট্রো স্টেশন, ব্যবসা কেন্দ্র, পানির পাইপ সবকিছু বিধ্বস্ত হয়।

আক্রমণ সম্পর্কে কিয়েভের মেয়র ভিটালি ক্লিতশকো বলেন, ‘শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে।’

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত ইউক্রেনের সংবাদ মাধ্যমকে বলেন, ‘কিয়েভে তাক করা উভয় ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা হয়েছে কিন্তু সেই দুটির মধ্যে একটিকে স্বল্প উচ্চতায় ভূপাতিত করা হয় এবং তাতে বড় রকমের ক্ষতি হয়।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘এই যুদ্ধে যারা রাশিয়াকে সাহায্য করছে তাদেরকেও এমনই চাপে রাখা দরকার যা এই সব আক্রমণের চাইতে কম নয়। আমরা গোটা বিশ্বের সঙ্গে এক হয়ে কেবল এটা সম্পাদন করতে পারি।’ 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ইউক্রেন যে রাশিয়ার অঞ্চলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এই আক্রমণ ছিল তারই প্রতিশোধ।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, ‘রাশিয়ার সশস্ত্রবাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট নির্দেশনাকারী অস্ত্র দিয়ে এই গুচ্ছ আক্রমণ চালায়। এই সব স্থাপনার মধ্যে ছিল লাচ ডিজাইন ব্যুরো যারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে।’

ইউক্রেন সংসদের অমবাডসম্যান দ্যমিত্র লুবিনেটস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই সব কর্মকাণ্ড শত্রুর শুধু মাত্র নির্মমতা ও বর্বরতার বিষয়টিকেই তুলে ধরে।’

এ দিকে শুক্রবার রাতে ইউক্রেনের এক ড্রোন আক্রমণে দুটি দেশের অভিন্ন সীমান্ত থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে রাশিয়ার কালুগা অঞ্চলের একটি শিল্প এলাকায় আগুন জ্বলে ওঠে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন