Logo

আন্তর্জাতিক

৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:২৩

অ
৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

ছবি : গার্ডিয়ান

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রায় ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ওফার কারাগার থেকে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

প্রতিবেদনে তারা জানায়, মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে হাজারো মানুষ পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন। ফিলিস্তিন ও হামাসের পতাকা হাতে নিয়ে তারা এই বন্দিমুক্তিকে উদযাপন করেন।  

মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ছিলেন ২৪ বছর বয়সী শাথা জারাবা। গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তির পর তিনি বলেন, ‘আমি খুবই খুশি! আলহামদুলিল্লাহ, আমি এখন মুক্ত। কারাগারে তারা আমার সঙ্গে খুব খারাপভাবে ব্যবহার করেছে। সেটা ছিল ভয়াবহ।’  

শাথাকে স্বাগত জানান তার বাবা নাওয়াফ জারাবা (৬৩)। তিনি বলেন,‘আমি খুশি, কিন্তু পুরোপুরি খুশি নই। আমার মেয়েকে শুধু নিজের মতামত প্রকাশ করার কারণে গ্রেপ্তার করা হয়েছিল। সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে, মানুষ মনে করে ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েল আমাদের প্রতি এভাবে আচরণ করছে। কিন্তু বাস্তবতা হলো, তারা সবসময়ই আমাদের সঙ্গে এমন আচরণ করেছে।’  

মুক্তিপ্রাপ্ত আরেক বন্দি আহমাদ খাশা (১৮), যিনি ২০২৪ সালের জানুয়ারিতে জেনিন থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি বলেন, ‘আমার ভাই একটি বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর তারা আমাকে গ্রেপ্তার করেছিল। শনিবার মুক্তির আগে আমাদের সেলে অভিযান চালিয়ে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রতিদিনই তারা আমাদের ওপর নির্যাতন চালাত। নারীদেরও একইভাবে নির্যাতন করত।’  

আরেক বন্দি ১৭ বছর বয়সী আসিল শাদেহকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন তার বাবা ওসামা শাদেহ। তিনি বলেন, ‘আমার মেয়েকে মুক্তি পেতে দেখে আমি যে অনুভূতি অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ২০২৪ সালের ৭ নভেম্বর গাজায় শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সে একটি ফিলিস্তিনি পতাকা উঁচু করেছিল। ইসরায়েলি সৈন্যরা তার পায়ে গুলি করে এবং হাতকড়া পরিয়ে নিয়ে যায়। তারা তাকে ছুরিকাঘাতের অভিযোগ আনে। আজ তার মুক্তি প্রমাণ করে যে, সে কোনো অপরাধ করেনি। তবুও তারা একটি শিশুকে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রেখেছে।’  

এর আগে, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন