Logo

আন্তর্জাতিক

গাজার পশ্চিম তীরে ৬৪ জনকে আটক করল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৫

অ
গাজার পশ্চিম তীরে ৬৪ জনকে আটক করল ইসরায়েল

ছবি : সংগৃহীত

গাজার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় অঞ্চল কালকিলিয়ায় অভিযান চালিয়ে সাত বছরের শিশুসহ ৬৪ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরায়েল ৯০ জন বন্দিকে মুক্তি দেওয়ার একদিন পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।

সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ফারেস আল-আজজুনি আনাদোলুকে বলেন, ইসরায়েলি বাহিনী আজজুন শহরে প্রবেশ করে এবং দোকান মালিকদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য করে।

তিনি বলেন, ‘ইসরায়েল বাড়ি-ঘর ও একটি মসজিদে হামলা চালিয়ে শিশুসহ ৬৪ জন বাসিন্দাকে আটক করেছে।’

আল-আজজুনির মতে, ‘যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে একটি পাবলিক স্কয়ারে মুখ নামিয়ে শুয়ে থাকতে বাধ্য করা হয়েছিল। পরে তাদেরকে এক সারিতে হাঁটতে বাধ্য করা হয়। যেখানে তাদের হাত সামনে থাকা ব্যক্তির কাঁধে ছিল এবং তারা নিচের দিকে তাকিয়ে ছিল। এরপর তাদেরকে শহরের উত্তর প্রবেশদ্বারে একটি সামরিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।’

ইসরায়েলি বাহিনীর এ অভিযানের সময় সংঘর্ষ শুরু হলে তারা আবাসিক এলাকায় গোলাবারুদ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

আজজুনি বলেন, রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আজুনের উত্তরাঞ্চলীয় প্রবেশদ্বারে ইসরায়েলি সেনাদের মারধরের পর তিন স্থানীয় বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৯ জানুয়ারি) হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, এর প্রথম ধাপটি ৪২ দিন স্থায়ী হবে। এ সময়ে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের জন্য আলোচনা অনুষ্ঠিত হবে। 

চুক্তির আওতায় ৯০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তিন ইসরায়েলি নারীকে মুক্তি দেয় হামাস।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন