ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও পাঁচজন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় পুলিশ ও দুর্যোগ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, জাভার মধ্যাঞ্চলীয় পেকালোঙ্গান নগরীর পুলিশ প্রধান দোনি প্রাকোসো স্থানীয় টিভি চ্যানেল মেট্রো টিভিকে বলেন, ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ও নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সোমবার ওই এলাকায় ভূমিধস ঘটে এবং উদ্ধারকর্মীরা এখনও কমপক্ষে পাঁচজন নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
দোনি বলেন, ‘পেকালোঙ্গানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি ছিল এবং পাহাড়ি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘন কাদায় ঢাকা রাস্তা দিয়ে স্বেচ্ছাসেবকরা একটি স্ট্রেচারে করে ভূমিধস থেকে একটি মৃতদেহ উদ্ধার করছেন।
সেন্ট্রাল জাভা দুর্যোগ সংস্থার কর্মকর্তা বার্গাস কাতুরসাসি পেনাংগুনগান বলেন, ‘এলাকায় পৌঁছাতে অসুবিধার কারণে অনুসন্ধান প্রচেষ্টা বিলম্বিত হয়েছে।’
কম্পাস টিভিকে তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকর্মীদের সাথে অনুসন্ধান প্রচেষ্টায় যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, বর্ষাকালে সাধারণত ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকিতে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোয় প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট কিছু দুর্যোগ সেই মৌসুমের বাইরেও ঘটেছে।
এর আগে, নভেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২৭ জনের প্রাণহানি ঘটে।
এসবি

