Logo

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪০

অ
পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত ১০

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে চালানো অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। 

এছাড়া বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে। 

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বলছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) উত্তর-পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। 

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে চলমান এই অভিযানের কোড-নাম ‘আয়রন ওয়াল’ এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও জেনিনে এই অপারেশনের কথা নিশ্চিত করেছে। 

ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও জেনিনে ইসরায়েলি হামলার মোকাবিলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। 

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে, ইসরায়েল অবরোধ তুলে নেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সহায়তা বাড়াতে মঙ্গলবার প্রায় ৯০০ ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করেছে। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন