১৩ বছর পর সিরিয়ায় ফ্লাইট চালু করেছে তুর্কি এয়ারলাইন্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩১
ছবি : সংগৃহীত
প্রায় ১৩ বছর পর সিরিয়ায় পুনরায় ফ্লাইট চালু করেছে তুর্কি এয়ারলাইন্স। ২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার ইস্তাম্বুল-দামেস্কের একটি ফ্লাইট দিয়ে পুনরায় সিরিয়ায় ফ্লাইট চালু হলো।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন টিকিট ও পাসপোর্ট চেক করার পর প্রায় ৩৫০ জন যাত্রী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তুর্কি এয়ারলাইন্সের বিমানটি গ্রিনিচ মান সময় সকাল ৯টায় ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে এবং দুই ঘণ্টার সংক্ষিপ্ত উড্ডয়ন শেষে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ফ্লাইটের এক যাত্রী ফাতেমা জেহরা (১৪) সাংবাদিকদের জানান, মাত্র দুই বছর বয়সে তিনি তুরস্কে এসেছিলেন। তিনি বলেন, আমি কখনো আমার দেশ দেখিনি। প্রথমবার আমার দেশ দেখার জন্য আমি খুবই উত্তেজিত। আমরা দামেস্ক থেকে আলেপ্পো যাবো। সেখানে আমার দাদীকে দেখতে যাবো।’
আহমেত কিরাজ নামের আরেক যাত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম যে আমরা কখনই ফিরে যেতে পারবো না। কিন্তু যখন সুযোগ এলো, আমরা খুব খুশি হয়েছিলাম। প্রথম ফ্লাইটেই দেশে ফিরছি, স্বপ্নের মতো লাগছে।’
সিরিয়ান নাগরিককরা বছরের পর বছর নির্বাসন শেষে তাদের মাতৃভূমিতে ফিরে আসতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। কয়েকজনকে ডিসেম্বরের সিরিয়ান বিপ্লবের পতাকা বহন করতে দেখা গেছে।
প্রসঙ্গত, যুদ্ধের সময় প্রায় ৪০ লাখ সিরিয়ান নাগরিক প্রতিবেশী তুরস্কে আশ্রয় নেয়।
এসবি

