Logo

আন্তর্জাতিক

১০০ নাবালিকা নিখোঁজ, আতঙ্কে ফাঁকা ভ্যালেন্টাইনস ডে!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২

অ
১০০ নাবালিকা নিখোঁজ, আতঙ্কে ফাঁকা ভ্যালেন্টাইনস ডে!

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন এক ফুল বিক্রেতা | ছবি : সংগৃহীত

ভারতের আরামবাগের চেনা চিত্র যেন এবার পুরোপুরি বদলে গেছে। ভ্যালেন্টাইনস ডে মানেই যেখানে থাকত যুগলদের মিলনমেলা, ফুলের দোকানে উপচে পড়া ভিড়, পার্ক-রেস্তোরাঁয় আনন্দ-উচ্ছ্বাস— এবার সেই চিত্র যেন উল্টে গেছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেখা গেছে, বৃহৎ এই এলাকাজুড়ে গোলাপের কোনো চাহিদা নেই, বিক্রিও হয়নি তেমন। রাস্তাঘাটে প্রেমিক-প্রেমিকাদের দেখা গেলেও সংখ্যাটা অন্যান্য বছরের তুলনায় ছিল কম।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসে শুধুমাত্র আরামবাগ মহকুমা থেকেই নিখোঁজ হয়েছে ১০০-এর বেশি নাবালিকা। টিভি৯ বাংলার একটি প্রতিবেদনে এই তথ্য সামনে আসার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। অনেকেই মেয়েদের একা বাইরে বের হতে দিচ্ছেন না।  

এ প্রসঙ্গে এক অভিভাবক জানান, ‘সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা সবাই চিন্তিত। এভাবে মেয়েরা নিখোঁজ হচ্ছে, পুলিশও পুরোপুরি খুঁজে বের করতে পারছে না। তাই ভালোবাসা দিবস উপলক্ষে আমরা বাড়তি সতর্কতা নিচ্ছি।’ 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরীদের মধ্যে অনেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছে, আবার কিছু ঘটনায় অপহরণের সন্দেহও রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে আশ্বস্ত করা হয়েছে।  

নিরাপত্তা শঙ্কার এই প্রভাব পড়েছে ব্যবসায়ও। গোলাপ বিক্রির মৌসুমে এমন মন্দা দেখে হতাশ ফুল ব্যবসায়ীরা। স্থানীয় ফুল বিক্রেতা তমোঘ্ন দাঁ বলেন, ‘শুক্রবার সারাদিন বসে থেকেও তেমন বিক্রি হয়নি। বাবা-মায়েরা মেয়েদের বাইরে আসতে দিচ্ছেন না, যার প্রভাব পড়েছে বাজারেও।’  

অন্য এক ব্যবসায়ী জানান, ‘আগের বছর এই দিনে অনেক বিক্রি হয়েছিল, এবার সেই চিত্র পুরো বদলে গেছে। নিখোঁজের ঘটনায় মানুষ আতঙ্কে আছে, তাই বাজারেও ভাটা পড়েছে।’  

নিখোঁজের ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। সন্দেহভাজন এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে এবং সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন