মোদির পিছু পিছু ১১৯ অবৈধ ভারতীয়কে পাঠালেন ট্রাম্প
অমৃতসরে বিমান অবতরণ কেন, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭
আমেরিকা ফেরত পাঠাচ্ছে আরও ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে। মার্কিন প্রশাসন দ্বিতীয় দফায় এই অভিবাসীদের ভারতে ফিরিয়ে দিতে যাচ্ছে। যাদের অধিকাংশই পাঞ্জাবের বাসিন্দা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে একটি বিমান অমৃতসরে অবতরণ করবে বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুই দিনের আমেরিকা সফরের শেষ পর্বে ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। ওই বৈঠকে বেআইনি অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মোদী জানিয়েছেন, ভারত তাদের নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত রয়েছে।
সর্বশেষ বিমানে ১১৯ জন ভারতীয় থাকছেন। যাদের মধ্যে পাঞ্জাবের ৬৭ জন, হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন, গোয়ার ১ জন, হিমাচল প্রদেশের ১ জন ও জম্মু-কাশ্মীরের ১ জন বাসিন্দা রয়েছেন।
জানা গেছে, এই অভিবাসীদের আবার শেকল পরানো হবে না। যেটি আগের বিমানের যাত্রীদের ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি করেছিল। সংসদ অধিবেশনে বিরোধীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।
এর আগে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল। যাদের অধিকাংশই হরিয়ানার, গুজরাটের ও পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। এসব অভিবাসীরা আমেরিকায় আসতে ডাঙ্কি রুট ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
দ্বিতীয় দফায় আমেরিকা থেকে পাঠানো ১১৯ জন ভারতীয়কে গ্রহণ করতে প্রস্তুত ভারতের কেন্দ্রীয় সরকারও। কিন্তু বিমানগুলো কেন পাঞ্জাবের অমৃতসরেই অবতরণ করানো হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের সম্মানহানির চেষ্টা করছে বলেও গর্জে উঠেলেন তিনি।
শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘বিজেপি শাসিত কেন্দ্র সবসময় পাঞ্জাবের সঙ্গে বঞ্চনা করে। একটা সুযোগও ছাড়ে না পাঞ্জাবের সম্মানহানি করতে।’
মান বলেন, ‘১১৯ জন অবৈধভাবে বসবাসকারীকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। এদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের। সেই কারণেই কি বিমান পঞ্জাবে অবতরণ করবে? এটাই যুক্তি হলে প্রথম বিমান কেন আহমেদাবাদে ল্যান্ড করল না? ওরা (কেন্দ্র) পঞ্জাবের সম্মানহানি করতে চাইছে। বিজেপি সবসময় পঞ্জাবী ও পঞ্জাবকে অপমান করার চেষ্টা করে।’
- এমজে

