Logo

আন্তর্জাতিক

মাত্র ১৫ মিনিটেই ১৮ জন নিহত, কী হয়েছিল নয়াদিল্লি রেলস্টেশনে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮

অ
মাত্র ১৫ মিনিটেই ১৮ জন নিহত, কী হয়েছিল নয়াদিল্লি রেলস্টেশনে?

ছবি : এনডি টিভি

ভারতের রাজধানী নয়াদিল্লি রেলস্টেশনে শনিবার রাতে কুম্ভমেলা গামী ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি এবং অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী, ৫ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন আরও অনেক যাত্রী।  

তবে প্রশ্ন উঠছে, ‘ভারতের মতো বড় রেলস্টেশনে কেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলো?’ 

পুলিশ সূত্রে জানা গেছে, মহাকুম্ভ গামী ট্রেন ধরতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি এবং অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে স্পেশাল ট্রেন ঘোষণা হওয়ার পর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় এবং দ্রুত ট্রেন ধরার জন্য ছোটাছুটি করতে গিয়ে কিছু যাত্রী পড়ে যান। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ভিড়ের চাপে মর্মান্তিকভাবে প্রাণ হারান নিহতরা।  

এনডি টিভির তথ্য অনুযায়ী, প্রয়াগরাজ এক্সপ্রেস ট্রেনটি প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লির ১৪ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর কথা ছিল। ১৫ নম্বর প্ল্যাটফর্মেও কুম্ভগামী ভুবনেশ্বরের একটি ট্রেন আসার কথা ছিল। এদিকে ১৬ নম্বর প্ল্যাটফর্মে আবার আসছিল সেনানী এক্সপ্রেস। সেটিও কুম্ভেই যাচ্ছিল, কিন্তু লেট চলছিল।

রাত ৯টা নাগাদ ১৪ নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই ভিড় ছিল। ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণা হতেই দুটি ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ওভারব্রিজে দৌড়াদৌড়ি শুরু হতেই বিপত্তি ঘটে। ট্রেন ঢুকতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভিড়ের চাপে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পর এলএনজেপি হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিকেল অফিসার ঋতু সাক্সেনা জানান, ‘পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, পরে সেটা বেড়ে ১৮ জন হয়েছে।’ 

রেলওয়ের ডিসিপি কেপিএস মালহোত্রা বলেন, ‘দুটো ট্রেন আসতে দেরি হয়েছিল। তার জেরে যাত্রীদের বিপুল ভিড় হয়। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই ব্যাপক ভিড় হয়ে গিয়েছিল। স্পেশাল ট্রেন ঘোষণা হতেই সকলে ওই ট্রেন ধরার জন্য ছোটেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘পদপিষ্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে।’

এছাড়া, দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করছেন।  

এটিআর/
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন