স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন। ফলে তার কারামুক্তিতে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।
এর আগে গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
সেদিন বাবুলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, স্ত্রী হত্যা মামলায় জামিন পাওয়ায় বাবুল আক্তারের মুক্তিতে বাধা নেই। বাবুল আক্তার তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন, এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। একইসঙ্গে কেনো তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
কিন্তু গত রোববার (০১ ডিসেম্বর) বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে আবেদন করেন মিতুর বাবা। ফলে বন্ধ হয়ে যায় তার জামিনে মুক্তির পথ।
জেইউ/এমএইচএস

