‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে বেআইনি রায় হয়েছিল’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:১১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে আওয়ামী সরকার দ্বারা প্রভাবিত রায় দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।
রোববার (১০ নভেম্বর) সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে করা লিভ টু আপিল শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।
এ বিষয়ে আদেশের জন্য সোমবার (১১ নভেম্বর) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার শুনানি শেষে জয়নুল আবেদিন বলেন, ‘মামলাটি আমরা আদালতে এনেছি, আইনগতভাবে প্রমাণ করতে যে, আগের রায়টি সরকারের দ্বারা প্রভাবিত ছিল। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই এই রায় দেওয়া হয়েছিল। পরে তাকে জেলখানায় নিয়েও মানসিকভাবে টর্চার করা হয়েছে। সরকারের বৈষম্যমূলক ও অবিচারমূলক আচরণ খুবই দুঃখজনক ছিল।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই মামলায় হাজিরা দিয়েছেন। কোথায় হাজিরা দিয়েছেন, সেটাও তিনি তার থ্রি ফোরটি টুতে বলেছেন। তার যে থ্রি ফোরটি টু’র বক্তব্য, সেটা ছিল একটি ঐতিহাসিক বক্তব্য। তিনি সেখানে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচারব্যবস্থা কীভাবে চলছে, সবকিছু উল্লেখ করেছেন। তিনি নিজের পক্ষে বলেছেন, এই যে বলা হচ্ছে এতিমের টাকা আত্মসাৎ, এফআইআরের মধ্যে এ ধরনের কোনো সাক্ষী বা এ ধরনের কোনো ভাষা উল্লেখ করেননি যে, বেগম খালেদা জিয়া একটি টাকা আত্মসাৎ করেছেন।’
তিনি বলেন, ‘নিম্ন আদালত থ্রি ফোরটি টু বিবেচনা না করে একতরফাভাবে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা ও অন্যান্যদের ১০ বছরের সাজা দেন। এই যে ৫ বছর দিয়েছেন, আমরা হাইকোর্ট ডিভিশনে বলেছি সেটা বেআইনি। তিনি যে টাকা আত্মসাৎ করেছিলেন তা নয়, পুলিশ তদন্ত করে যে রিপোর্ট দিয়েছিল, তার মধ্যেও ছিল না।’
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘২০১৮ সালে বেআইনিভাবে ৫ বছর সাজা দেওয়া হয়। গায়ের জোরে একতরফাভাবে সাজা দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। আমরা আশা করছি, খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন। দুদকের আইনজীবীই প্রমাণ করেছিল, খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেননি।’
এমজে/ওএফ

