Logo

আইন ও বিচার

আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮

আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

নির্বাচনী লড়াইয়ে ফিরলেন চট্টগ্রামের দুই আলোচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পৃথক আদেশে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যমুনা ব্যাংক আপিল বিভাগে আবেদন জানিয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত তার প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন।

উল্লেখ্য, শুরুতে আসলাম চৌধুরী দলীয় মনোনয়ন না পেলেও পরবর্তীতে বিএনপি তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়।

এদিকে, ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরেরও প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে জয় এসেছে। এর আগে ১৮ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমীনের করা আপিলের ভিত্তিতে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছিল। কমিশনের সেই আদেশ স্থগিত করে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

প্রার্থীদের আইনজীবী মো. মজিবুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের এই রায়ের ফলে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই দুটি আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে। প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে এই আদেশে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আদালত সুপ্রিম কোর্ট সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর