আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫
ফাইল ছবি
২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে সাভারের আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ তুলে পুড়িয়ে ফেলার সেই বীমহর্ষক ও নৃশংস ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালের তৃতীয় রায়।
এই রায়ের মাধ্যমেই ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৬ আসামির ভাগ্য নির্ধারিত হবে।
২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ স্তূপ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নৃশংস ওই ঘটনার সময় স্তূপ করা লাশের মধ্যে একজন ভিকটিম তখনও জীবিত ছিলেন, তাকেও জ্যান্ত পুড়িয়ে মারা হয়। এছাড়া এর আগের দিন (৪ আগস্ট) সেখানে আরও একজনকে হত্যা করা হয়।
এই ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার ১৬ আসামির মধ্যে বর্তমানে ৮ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল। বাকিরা পলাতক।
বিচারকাজ চলাকালে তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযুক্তদের মধ্যে এসআই শেখ আবজালুল হক নিজের দোষ স্বীকার করে আদালতে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। শুনানি শেষে ১ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আজকের দিনটি রায় ঘোষণার জন্য ধার্য করেন।
এমএইচএস

