যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পুরোনো ছবি
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের দুই ধারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অর্থপাচারের আরেক অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তবে, আসামি সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০১৯ সালের নভেম্বরে প্রায় দুই কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

