বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট হৃদয় রহমান।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি মামলায় গত নভেম্বর মাসে সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে এ পাঁচ মামলায় জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে ৫ মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। পরে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী।
এমবি

