দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল বুধবার সকালে আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক (২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩)। তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। রুহুল কুদ্দুস এর আগে পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে আইনমন্ত্রী করা হয়েছে।এর আগে গত ২১ মার্চ কারাবাস থেকে মুক্তি পান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় করা মামলায় গ্রেফতার হয়ে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দী ছিলেন।
তথ্যসূত্রে জানা যায়, বাংলাদেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ব্যারিস্টার-অ্যাট-ল’ মো. রুহুল কুদ্দুস (কাজল)। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের টানা তিন মেয়াদের নির্বাচিত সম্পাদক (২০২০–২০২৩)।