সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল বিচার কার্যক্রম স্থগিত
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৯:১৪
সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সপ্তাহে দুই দিন চালু থাকা ভার্চুয়াল বিচার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
রোববার (৩ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপিল বিভাগের চেম্বার আদালতসহ প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার পরিচালিত ভার্চুয়াল কোর্টের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
এর আগে গত ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয়েছিল।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়।
তবে ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আইনজীবীদের একাংশ এর বিরোধিতা করে আসছিলেন। তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
এর মধ্যেই আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট কার্যক্রম স্থগিতের নতুন সিদ্ধান্ত এলো, যা আইনাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

