Logo

আইন ও বিচার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০৩

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। 

তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় আনা হচ্ছে। এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। 

এর আগে গত রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মী দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করা হয়।

সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন তানভীর। ওই পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও এর স্ক্রিনশট ভাইরাল হয়। 

এরপর নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন তানভীর। ওই দিনই এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন